
উপন্যাস · Novel
অমৃত অন্বেষণ
Amrita Anneshan
জন্মদিনের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মধ্যবয়সী কথাসাহিত্যিক শেখর প্রথমবার মৃত্যুর মুখোমুখি দাঁড়ান এবং তৃতীয় মৃত্যুর আশংকা অনুভব করেন। দীর্ঘ বিশ বছরের সাধনায় তিনি যা কিছু সৃষ্টি করেছেন এবং তার গোটা জীবনটা কি কেবল একরাশ আবর্জনা? একটি মাস্টারপিস উপন্যাসের মধ্য দিয়ে তিনি জন্ম, মৃত্যু, সৃষ্টি, ধ্বংস এবং নিজের জীবনের চরম প্রশ্নের উত্তর খুঁজে পেতে চান। শেখরের অস্থির যাত্রায় জড়িয়ে যায় পাঁচজনের ভিন্ন অস্তিত্ব ও যাত্রা, যাদের একজন আসল নামের পরিবর্তে শেখরের দেয়া নামে পরিচিত। এই নারী ছায়ার মতো শেখরের পাশে থাকে, নিঃস্বার্থ অনুপ্রেরণা দিয়ে যায়। তার ও অন্য বন্ধুদের ছোঁয়ায় একটি সাধারণ চিলেকোঠার অনন্য রূপান্তর হয়। সেখানে জীবন, সম্পর্ক, শিল্প ও দর্শনের বহুমুখী আবিষ্কার, বদল ও উত্তরণ হয়। শিল্পীসত্তা মুখোমুখি হয় কামনা, দায়িত্ব ও বাস্তবতার। বন্ধুত্ব ও আদিম প্রবৃত্তি পরস্পরকে পরীক্ষা করে। শব্দের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সাধনা, শিল্প ও জীবন অর্থহীন ও শ্বাসরোধী হয়ে দাঁড়ায়। সম্পর্ক ও ভালোবাসার জটিল জাল ব্যক্তিগত সংকটকে আরও তীব্র করে তোলে। চাবি হয়ে ওঠে দীর্ঘশ্বাস, একাকিত্ব, বন্দিত্ব ও অপরাধবোধের প্রতীক। নতুন আখ্যানের ইঙ্গিত হয়ে দেখা দেয় ডায়েরি। চরম মূল্যের বিনিময়ে কি পাওয়া যাবে পথের সন্ধান? অমোঘ নিয়ম অতিক্রম করে শেখর কি আজন্মের আকাঙ্ক্ষিত 'অমৃত' ছুঁতে পারবেন? নাকি মহাজগতের মহান শূন্যতায় হারিয়ে যাবে যাবতীয় 'অন্বেষণ'?
